
ডিসেম্বরের হাল্কা শীত আর সকালের মিঠে রোদ জানান দিচ্ছে বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে। আর মরসুমের শুরুতেই শুক্রবার সন্ধ্যায় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশি অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।
কিছু দিন ধরেই সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছিল। কেউ বলছিলেন, নতুন বছরের শুরুতে বিয়ে করবেন তাঁরা। আবার কেউ বলেছিলেন মার্চ মাসে। পরিচালক নিজে অবশ্য জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়েটা সারবেন তাঁরা।
এ বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় সন্ধ্যায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।
লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে এলেন সৃজিত। আর মিথিলা পরলেন লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না।
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।
মিথিলা জানিয়েছেন, আগামীকাল শনিবার মধুচন্দ্রিমায় তাঁরা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তাঁরা।
ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।









