নিকলীর হাওরে শুটিংয়ে সাইমন-মাহি

প্রথমবারের মতো কলিজার জেলায় শুটিংয়ে যাচ্ছি বলে সাইমনের স্ট্যাটাস
সাতকাহন ডেস্ক
নিকলীর হাওরে শুটিংয়ে সাইমনের সেলফি। ছবি: সংগৃহীত

দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বৃহত্তর হাওরাঞ্চলের গেটওয়ে হিসেবে পরিচিত  কিশোরগঞ্জ জেলার ছেলে সাইমন সাদিক। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামে জন্ম তার। দূরন্ত শৈশব-কৈশোর কেটেছে এ মাটিরই কাদামাটি জলে।

২০০৬ সালে জি হুজুর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন’ দিয়ে দর্শক-ভক্তদের হৃদয় জুড়ে ঠাঁই করে নেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একেরপর এক সিনেমা উপহার দিয়ে চলেছেন সাইমন।

এবার মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে সদম্ভ বিচরণ থাকলেও এবার ২০২০ নতুন খ্রিস্টাব্দ সালে তার সামনে শুটিংয়ের ভিন্ন রকম হাতছানি। 

নিজ জেলা কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে প্রথমবারের মতো নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে শুটিং এসেছেন সাইমন। শনিবার নিকলী উপজেলার দামপাড়া হাওর পল্লীর একটি কলেজ ও ফিশারি পাড়ে শুটিং করেছেন তিনি। শুটিং ও নিজেদের মাটির সন্তান নায়ক সাইমনকে দেখতে ভিড় জমে বিভিন্ন বয়সের হাজারো  নারী-পুরুষের। নিজ জেলার সোঁদা মাটির গন্ধ আর আর প্রাণ প্রকৃতির ডাক সাইমনের হৃদয়মনকে আলোড়িত করেছে।  

শুক্রবার ঢাকা থেকে শুটিংয়ের উদ্দেশ্য আসার আগে "প্রথমবারের মতো কলিজার জেলায় শুটিংয়ে যাচ্ছি" বলে সাইমনের ফেসবুকে স্ট্যাটাসেই তার প্রমাণ মিলে। নিকলীর হাওরের দু'টি স্পটে মাহিকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমার গানের শুটিং করলো সাইমন । একটানা পাঁচ দিন ‘আনন্দ অশ্রু’র দু'টি গানের শুটিং চলবে সেখানে। 

জানা গেছে, এ  দু'টি গানের শুটিং শেষ  হলেই সিনেমার ক্যামেরা ক্লোজ হবে। গান দু'টির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও কিশোর এবং অন্য গানটি রাফাত নিজেই গেয়েছেন। গান দু'টি লিখেছেন আবুশ কাশেম নিপুন ও রোকন উদ্দিন সেতু।

সূত্রমতে, খুব শীঘ্রই  সিনেমার কাজ শেষ হবে। যাবে। এপ্রিল মাসে বাঙলা নববর্ষের প্রথম দিন  ‘আনন্দ অশ্রু’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শিবলী সাদিক পরিচালিত ও সালমান-শাবনূর অভিনীত দর্শক নন্দিত সিনেমা ‘আনন্দ অশ্রু’ থেকে এই সিনেমাটির নামকরণ করা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।

‘আনন্দ অশ্রু’ সিনেমায় সাইমন, মাহি ও সেলিম ছাড়া আরও অভিনয় করছেন আলীরাজ, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ।