
নিউজরুমে উত্তর সিরিয়ায় তুরস্কের বিমান হামলা নিয়ে আলোচনা করছিলেন সাংবাদিক। পরিবেশটা খুবই গম্ভীর। লাইভে সেসব আলোচনা দেখছেন দর্শকরা।
আর তখনই ঘটল বিপত্তি। সেই লাইভে সংবাদ পাঠিকার ছেলে হঠাৎই ঢুকে পড়ে আর বিরক্ত করতে শুরু করে।
মায়ের কাছে এসে নানা আবদার শুরু করে চার বছর বয়সী শিশুটি। লাইভে এমন পরিস্থিতিতে পড়লে যে কেউ অপ্রস্তুত হয়ে যেতে বাধ্য।
কিন্তু এ পরিস্থিতিকে দারুণ সামলেছেন সেই সংবাদ পাঠিকা।
তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘ক্ষমা করবেন, আমার ছেলে এসে পড়েছে এখানে। এর পর ছেলের দিকে হাসিমুখে তাকিয়ে বলেন, ‘লাইভ টেলিভিশন’!
এমন ঘটনায় বিব্রত হওয়ার বদলে বরং আনন্দই পেয়েছেন চ্যানেলটির দর্শকরা। নেটদুনিয়ায় সেই অনুভূতিটাই প্রকাশ করে সংবাদ পাঠিকার উপস্থিত বুদ্ধির কদর করেছেন তারা।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ টেলিভিশন স্টেশনে। এনবিসি নিউজের জাতীয় নিরাপত্তা প্রতিনিধি কার্টনি কুব লাইভ বুলেটিন পড়ছিলেন।
সিরিয়া-তুরস্ক বিষয়ে যখন খবর পড়ছিলেন তিনি, ঠিক তখনই তার চার বছরের ছেলে রায়ান লাইভে ঢুকে পড়ে।
এমন পরিস্থিতিতে বুলেটিন পড়া থামাননি কার্টনি কুব। পরিস্থিতি সামলে নিয়ে তিনি সাবলীলভাবেই আলোচনা চালিয়ে যান।
এ বিষয়ে কার্টনি কুব পরে জানিয়েছেন, ‘রায়ান যে কেঁদে ওঠেনি এতেই আমি খুশি। ও কেঁদে ফেলবে এমন চিন্তায় পড়ে গিয়েছিলাম তখন। আমি ওকে তুলে এনে আমার কোলে বসিয়ে দিই। কিন্তু আমার ভয় হচ্ছিল ও হয়তো মাইক থেকে পেছন দিকে ঝুঁকে পড়বে। যাক সব কিছুই সামলে নিয়েছি। খারাপ কিছুই ঘটেনি।’
ঘটনাটিকে মোটেই ভুলভাবে নেয়নি চ্যানেল কর্তৃপক্ষ। তারা তাদের টুইটারে ওই মুহূর্তের ভিডিও শেয়ারও করেছেন।
এখন পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ২৫ লাখেরও বেশি মানুষ।
ভিডিওর শিরোনামটিও চমৎকার দিয়েছেন তারা। সেখানে লেখা হয়- ‘কখনও অপ্রত্যাশিত ‘ব্রেকিং নিউজ’ ঘটে যায়, যখন আপনি ‘ব্রেকিং নিউজ’ শোনাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে নেটজগতে ভাইরাল হয়েছিল ‘বিবিসি ড্যাড’-এর ভিডিও। যেখানে খবর পাঠের সময় সংবাদ পাঠকের কাছে তার ছেলে চলে আসে।
এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, যাকে ‘এমএসএনবিসি মম’ বলে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন









