
খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে লাখো দর্শনার্থীর ঢল নেমেছিল।
আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় ২-০ গোলে নেত্রকোনা জেলা দলকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ জেলা দল। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।
এ ফাইনাল খেলা উপভোগ করতে দুপুরের আগে থেকেই দর্শকের ঢল নামে পুরাতন স্টেডিয়ামে। স্টেডিয়ামে দর্শকদের উপচেপড়া ভিড় থাকায় স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় খেলাটি দেখানোর ব্যবস্থা করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান। আর এ কারণে খেলার সময় স্টেডিয়াম সংলগ্ন শহরের প্রধান সড়কপথও লোকে লোকারণ্য হয়ে ওঠে। সৃষ্টি হয় তীব্র যানজটের।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে টুর্নামেন্টের এ ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল এবং প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই বিসিবি'র ঢাকা বিভাগীয় পরিচালক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী ক্রীড়া ব্যক্তিত্ব কামরুন্নেছা আশরাফ।
গত ১ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলা একাদশ এ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ জেলা দল জামালপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
সেমিফাইনালে গাজীপুর জেলা দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় কিশোরগঞ্জ দল। আজ ফাইনালে দাপটের সঙ্গে খেলে নেত্রকোনা জেলা দলকে ২-০ গোলে উড়িয়ে কিশোরগঞ্জ দল চ্যম্পিয়ন হওয়ায় উল্লাসে ফেটে পড়ে লাখো দর্শনার্থী।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ১ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী কিশোরগঞ্জের কীর্তিমান রাজনৈতিক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতি রক্ষায় বিজয়ের মাসে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।









