
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত এ সময়ের রোমান্টিক জুটি সাইমন-মাহি। কিষাণ-কিষাণীর বেশে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়ার বিস্তীর্ণ হাওরের বোরো ফসলের মাঠে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকা সাইমন সাদিক-মাহিয়া মাহি জুটি।
দিগন্ত বিস্তৃত গভীর হাওরের বুকে এ জুটির প্রাণ প্রকৃতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার এ দৃশ্য উপভোগ করলো হাওর বাঙলার হাজার হাজার নারী-পুরুষ, সব্যসাচী কিষাণ-কিষাণী দল।
মাথায় লাল গামছা বেঁধে লুঙ্গি পড়ে কৃষক সেজে সাইমন এবং হলুদ পাড়ের লাল শাড়ি পড়ে, বেণীতে লাল ফিতা, হাতে কাঁচের লাল টুকটুক চুরি পড়ে গাঁয়ের কিষাণী বধু সেজে মাহি'র বোরো ধানের চারা রোপণের এ দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কিষাণ-কিষাণী বেশে চিরায়ত বাঙলার চিরচেনা এমন নয়ন জুড়ানো দৃশ্য ধারণের মধ্য দিয়েই শেষ হলো এ জুটির ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং।
গত ৪ জানুয়ারি থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়। সেখানে দুটি গানের শুটিং করেছেন সাইমন-মাহি।
এমন গ্রামীণ পরিবেশে নায়ক-নায়িকাকে একান্তে পেয়ে শিহরিত হয়ে ওঠে হাওর পল্লীর লোকজন।
এর আগে পাঁচদিনের শুটিংয়ে সাইমন কিশোরগঞ্জর সদর উপজেলার মহিনন্দ গ্রামের সন্তান সাইমন কিশোরগঞ্জ আসার আগে "প্রথমবারের মতো শুটিংয়ে কলিজার জেলায় যাচ্ছি" বলে তার ফেসবুকে স্ট্যাটাস দেন।
সাইমন এখানকার প্রাণ প্রকৃতি ও কাদামাটি জলে দুরন্ত শৈশব ও কৈশোরকাল কাটিয়েছেন।
আর তাই নিজ জেলায় শুটিংয়ের এ সুযোগে তিনি যারপরনাই আনন্দিত ও পুলকিত হয়েছেন।
আবার শুটিংয়ের শেষদিন আজ সোমবার বিকেলে সাইমন ফেসবুকে শুটিংয়ের ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের আনন্দ অশ্রু’র শেষ দিনের শুটিং।’
সাইমন-মাহি জুটি হাওরে যে দুটি গানের শুটিং করলেন, সে গান দুটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত।
একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও কিশোর এবং অন্য গানটি রাফাত নিজেই গেয়েছেন। গান দুটি লিখেছেন আবুল কাশেম নিপুন ও রোকন উদ্দিন সেতু।
যত দ্রুত সম্ভব এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ শেষ হবে এ সিনেমার। সব কিছু ঠিক থাকলে এপ্রিলে পহেলা বৈশাখ ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাবে।









