
এবার কিশোরগঞ্জের নিকলী উপজেলার আঁকাবাঁকা মেঠোপথে মোটরবাইকে সাক্ষাৎ মিললো এ সময়ের জনপ্রিয় জুটি সাইমন ও মাহি তারকার।
চিত্রনায়ক নায়ক সাইমন চিত্রনায়িকা মাহীকে নিয়ে মোটরবাইকে করে উপজেলার দামপাড়া হাওরের শুটিং স্পটে যাচ্ছিলেন।
আর সঙ্গে হাজারো উৎসুক দর্শক ছুটলো তাদের পেছনে পেছনে। রোববার সকালের এ ঘটনার ভিডিও চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চিত্র নায়িকা মাহিয়া মাহির ফেসবুকে পোস্ট করা এ ভিডিও চিত্রে দেখা যায়, সাইমন সাদিক নীল রঙের একটি এ্যাপাসি মোটরবাইক চালাচ্ছেন আর পেছনে বসে আছেন মাহিয়া মাহি।
আর তাদের পেছন পেছন দৌড়াচ্ছেন উৎসুক শত শত ভক্ত দর্শক। মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং চলাকালীন সময়ের নিকলী উপজেলার দামপাড়ার এলাকার হাওর পল্লীর মেঠোপথে এ জুটির মোটরবাইক চালানো হয়ে ওঠে "টক অব দ্য হাওর"।
আর শুটিং স্পটে যেতে মোটরবাইকে হাওরের এ মেঠোপথ পেরোনোর এ ভিডিও চিত্র চিত্র নায়িকা মাহিয়া তার ফেসবুক পেজে পোস্ট করলে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভিও হয় ৮৭৭ হাজার ৭০০, লাইক পড়ে ২২ হাজার এবং শেয়ার হয় ৬ হাজার ২৩ টি।
সোমবার কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া হাওরে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ লটে এ জুটি ৬ দিন শুটিং করেছেন দিগন্ত বিস্তৃত হাওরের নয়নাভিরাম স্পটে।
শুটিং শেষে সাইমন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের নিজ বাড়িতে অবস্থান করলেও মাহি সোমবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছাড়েন।









