
আজ বিকেলে ঈশ্বরের সাথে
চায়ের নিমন্ত্রণে যাবো,
তোমাদের কিছু জানার থাকলে
আমাকে শিখিয়ে দিও;
কীভাবে সুন্দর করে গুছিয়ে বলতে হয়,
সৌজন্য বজায় রেখে প্রশ্ন করতে হয়,
বুকের ভেতর অনেক ক্ষোভ জমিয়ে রেখে
মিষ্টি করে গল্প করতে হয়।
তোমাদের কিছু জানার থাকলে
আমাকে শিখিয়ে দিও;
আমি দুর্বিনীত বাক্যবাণে
তাকে যেন জাগিয়ে না তুলি।
আজ বিকেলে ঈশ্বরের সাথে
চায়ের নিমন্ত্রণে যাবো,
তোমাদের কিছু জানার থাকলে
আমাকে ভালো করে শিখিয়ে দিও;
নইলে আমি দুর্বিনীত
জানতে চাইতে পারি;
কোথা তার মহা সৈন্যদল?
আমার পাঁচ বছরের শিশু কন্যা
ধর্ষিত হওয়ার সময় ঘুমিয়ে থাকার অপরাধে
কী শাস্তি দিয়েছেন তাদের?
তোমরা আমাকে ভালো করে শিখিয়ে দিও;
আমি যেন মাথা ঠান্ডা রাখতে পারি,
নইলে আমি দুর্বিনীত
জানতে চাইতে পারি;
আমার সত্তুর বছরের বৃদ্ধ জননীর
অনাহারের দায়ে কাকে কী শাস্তি দিয়েছেন?
তোমরা আমাকে ভালো করে শিখিয়ে দিও;
কী করে মিষ্টি করে হেসে
মিথ্যেকে সত্যের মতো করে বলে
সূর্যকে পশ্চিম দিকে উদিত করে
অসীম ক্ষুধা সামলে নিয়ে
চায়ের কাপে ছোট ছোট চুমুক দিয়ে
মহান কাব্যের মহান বাণী
দরকার মতো দু-একটি করে বলে
আপন কর্ম বাগিয়ে নিতে হয়,
নইলে আমি দুর্বিনীত
জানতে চাইতে পারি;
কোথায় তাহার
অসুরনাশিনী সুর সৈন্যদল?
আমার চাষের জমি বানায় মরুভূমি
আমার গৃহিণী নিয়ে যায় টানি
রাতের আঁধারে যেসব হায়েনা-বর্গি-বেনি;
কোন মায়াবলে
তাহাদের ছাড়িয়া সৈন্যদলে
আমারে পরালে বেড়ী।
আমাকে ভালো করে শিখিয়ে দিও
নইলে আমি দুর্বিনীত
জানতে চাইতে পারি।
সাইফুজ্জামান ফরিদ
সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ,
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।









