
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯-এ জেলা পর্যায়ে করিমগঞ্জ উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
বিদ্যালয়টি যাত্রার শুরু থেকে প্রতিটি ক্ষেত্রে সুনাম অক্ষুন্ন রেখেছে। সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, সুসজ্জিত শিক্ষা উপযোগি সুন্দর পরিবেশ, শতভাগ শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম, বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি, মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু বুক কর্ণার, মহানুভবতার দেয়াল, সততা স্টোর, শহীদ মিনার, বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া (ড্রপ আউট) রোধে উদ্যোগ গ্রহন, মিড ডে মিল, বন্ধু শিক্ষক কার্যক্রম, কাব কার্যক্রমসহ নানামুখী শিক্ষনীয় কার্যক্রম চলমান থাকায় চলতি ২০১৯ সালে করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়।
পরবর্তীতে কিশোরগঞ্জের জেলা পর্যায়ে যাছাই বাচাইয়েও জেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ের স্থান পায়।
মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পত্র জারি করা হয়।
করিমগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় বাছাই পর্বে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিভিন্ন উদ্ভাবন, ভাল শিক্ষকসহ সার্বিক বিবেচনায় বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ঘোষণা করে জেলা পর্যায়ে পাঠানো হয়েছিল।
চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল কাইয়ুম বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকরা খুবই আন্তরিক। বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষিকা ফাতেমা শোভা'র নেতৃত্বে শিক্ষকগণ শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি, অভিভাবক শিক্ষক কমিটি (পিটিএ)সহ সকলের সহযোগিতায় বিদ্যালয়টি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গৌরব অর্জন করেছে।
চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খায়রুন নাহার শোভা জানান, লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি পরিচালনা কমিটির সকল সদস্য ও পিটিএর সদস্যরা খুবই আন্তরিক ছিলেন।
এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রধান শিক্ষক সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।









