
শহীদ বুদ্ধিজীবী ডা. এএফএম আবদুল আলীম চৌধুরী (১৯২৮-১৯৭১)। পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ আবদুল আলীম চৌধুরী। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে তাঁর জন্ম।
তিনি ১৯৪৫ সালে কিশোরগঞ্জ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৮ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএসসি পাস করেন। ১৯৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চলে যান লন্ডনে। ১৯৬১ সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস থেকে ডিপ্লোমা ইন অপথালমোলজি ডিগ্রি অর্জন করেন।
তিনি কর্মজীবন শুরু করেন লন্ডনের সেন্ট জেমস হাসপাতালের রেজিস্ট্রার (১৯৬১-১৯৬৩) হিসেবে। এরপর দেশে ফিরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রধান চক্ষু চিকিৎসক (১৯৬৩-১৯৬৫) হিসেবে যোগ দেন। পরে পর্যায়ক্রমে ঢাকা মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের দায়িত্ব পালন করেন।
আলীম চৌধুরী রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দেন।তিনি পরিচিত ছিলেন লেখক হিসেবেও। ছাত্রাবস্থায়ই বের করেছিলেন ‘যাত্রিক’ নামে একটি সাহিত্য পত্রিকা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী আল-বদর বাহিনীর সদস্যরা তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায় এবং হত্যা করে।
তাঁর স্ত্রীর নাম শ্যামলী নাসরিন চৌধুরী। ডাঃ ফারজানা চৌধুরী নীপা ও ডাঃ নুজহাত চৌধুরী সম্পা নামে তাঁর দুই মেয়ে রয়েছেন।
বাংলাদেশ সরকারের ডাক বিভাগ ১৯৯১ সালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এএফএম শহীদ ডাঃ আবদুল আলীম চৌধুরীর নামে স্মারক ডাক টিকিট প্রকাশ করে।









