কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেরা ছাত্রীদের সংবর্ধনা

সাতকাহন ডেস্ক
কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেরা ছাত্রীদের সংবর্ধনা। ছবি: সাতকাহন

কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনওয়াজ দিলরুবা খান।

দেশ সেরা প্রধান শিক্ষক এসভি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শাহনাজ কবীর'র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং কিশোরগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জোহরা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াসমিন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৬ জন ছাত্রীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে  সংবর্ধিত করা হয়। ২০১৯ সালে এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ থেকে ২৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে এবং এদের মধ্যে  ১৩৬ জন জিপিএ-৫ লাভের গৌরব অর্জন করে।

আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, পালাগান ও গীতি নৃত্য নাট্য পরিবেশন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শহরের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এ অনুষ্ঠান উপভোগ করেন।