
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব -মোতাওয়াল্লী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
আজ মঙ্গলবার দুপুর থেকে তাঁকে রাজধানীর ধানমন্ডির শঙ্কর শাখার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে তাঁর নিকটতম স্বজন আলহাজ্ব শাহীন খান জানিয়েছেন।
জানা গেছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র খাদ্য নালিতে টিউমার হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। ব্যথায় তার গলা ফুলে গেছে। কিছুদিন আগে তার ঘাড়ের টিউমারের অপারেশনওন হয়েছিল।
তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মাসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়।
সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু; আবারও স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে গত শুক্রবার ঢাকার ধানমণ্ডির শঙ্কর শাখা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাহসিন সালামের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ের জামাতা মাওলানা জালালুল ইসলাম।
সূত্রমতে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ করে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাঁকে আইসিইউ'তে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তবে, এ সংকটাপন্ন অবস্থায় সন্ধ্যার পর একবার তিনি চোখ মেলে তাকিয়েছিলেন বলে জানা যায়।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।









