
কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রবিবার একপক্ষ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে। অন্যদিকে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করে আরেকপক্ষ। চলে অস্ত্রের মহড়াও। দু’দিন ধরে পৌর শহরে শুরু হয় এসব পাল্টাপাল্টি কর্মসূচী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোসেনপুর সদরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
জানা গেছে, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন আহ্বয়ক কমিটি গঠনের উদ্যোগ নেয় জেলা ছাত্রলীগ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলেও নতুন কমিটিতে কারা থাকছেন, কে কোন পদ-পদবী পাচ্ছে, তা মোটামুটি জেনে যান নেতাকর্মীরা। কমিটি ফাঁস হয়ে যাওয়ায় একপক্ষ উল্লাস করে। আরেকপক্ষ হয় বিক্ষুব্ধ।
রবিবার উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক আহাদুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করে ছাত্রলীগের একটি পক্ষ। এ সময় পুরনো কমিটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় শহরে। দু-পক্ষ মুখোমুখি হওয়ার আগেই পুলিশ দু-পক্ষকে ফিরিয়ে দেয়। তখন সেখানে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সভাপতি আল আমিন অপুর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে হাসপাতাল চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা নতুন আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন ধরণের স্লোগান দেয়। টায়ার জ্বালিয়ে এ পক্ষের নেতাকর্মীদের তখন রাস্তা অবরোধ করতেও দেখা যায়।
উপজেলা ছত্রলীগের সভাপতি আল আমিন অপু বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত না করেই আহবায়ক কমিটি করা গঠনতন্ত্রের পরিপন্থী। নতুন কমিটি করতে হলে আগের কমিটি বিলুপ্ত করতে হয়। তাদের পুরোপুরি অন্ধকারে রেখে কোনো ধরণের নিয়ম-নীতি না মেনেই কমিটি করা হয়েছে। তিনি বলেন, অগণতান্ত্রিক উপায়ে করা এ ধরণের কমিটিকে কিছুতে মেনে নেওয়া হবে না।
উপজেলা ছাত্রলীগের নতুন আহবায়ক আহাদুল ইসলাম জানান, সবল নিয়ম কানুন মেনেই এ কমিটি দেয়া হয়েছে। কারণ আগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাছাড়া আগের নেতৃত্ব সংগঠনের জন্য কিছুই করতে পারেনি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী জানান, হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছিল নয় বছর আগে। অনেক আগেই তাদের কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে তাদের সম্মেলন করতে বলা হয়। কিন্তু সম্মেলনের দুটি তারিখ দেওয়ার পরেও তারা সম্মেলন করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়টি একেবারে খসড়া পর্যায়ে রয়েছে। এখনও ঘোষণা দেওয়া হয়নি। এর আগেই সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি পক্ষ বিক্ষোভ করছে।









