৬ মার্চের মধ্যে কিশোরগঞ্জসহ আ'লীগের ৪৫ সাংগঠনিক জেলা সম্মেলন

সাতকাহন ডেস্ক
৬ মার্চের মধ্যে কিশোরগঞ্জসহ আ'লীগের ৪৫ সাংগঠনিক জেলা সম্মেলন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলাগুলোর সম্মেলন আগামী ৬ মার্চের মধ্যে আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। 

একই সঙ্গে এই সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখাগুলোর সম্মেলন করার নির্দেশনাও দেয়া হয়েছে।

সূত্রমতে, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সংশ্নিষ্ট জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের কাছে চিঠি পাঠিয়েছেন।

আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকগণসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে, বিদায়ী কার্যনির্বাহী সংসদের মেয়াদকালে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৩টি জেলার সম্মেলন করা হয়েছে। 

বাকি ৪৫টি জেলার মধ্যে বেশির ভাগেরই  মেয়াদ ফুরিয়ে গেছে। এ ছাড়া কয়েকটি জেলার মেয়াদ আগামী দু'মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ইতিমধ্যে এ ৪৫ জেলার সম্মেলন আয়োজন করার প্রস্তুতি শুরু হয়েছে। 

এসব জেলার  মধ্যে নরসিংদী ও পঞ্চগড় জেলা সম্মেলনের দিনক্ষণ ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে।

আলোচিত এই ৪৫টি জেলার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগর, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরগুনা, ভোলা, বরিশাল ও পিরোজপুর জেলার নাম রয়েছে।

এ ব্যাপারে আজ রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক আগামী ৬ মার্চের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশনা সম্বলিত চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।