• প্রচ্ছদ
  • »
  • সারা দেশ
  • »
  • কথা বলার ৩০ মিনিট পর প্রবাসী স্বামীর সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ পেলেন স্ত্রী

কথা বলার ৩০ মিনিট পর প্রবাসী স্বামীর সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ পেলেন স্ত্রী

ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী থেকে
বাদল মিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরব প্রবাসী স্বামী বাদল মিয়ার সঙ্গে মোবাইলে কথা বলার ৩০ মিনিট পর সোমা আক্তার সংবাদ পান স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে সৌদি আরবের রিয়াদে রাস্তা পার হওয়ার সময়। নিহত বাদল মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত মো. সুলতান উদ্দিনের ছেলে।

নিহত বাদল মিয়ার বড় ভাই মো. আবদুল বাতেন জানান, আমরা ৩ ভাই। ছোট ভাই বাদল মিয়া সৌদি আরবের রিয়াদে এবং বকুল মিয়া দাম্মাম শহরে ড্রাইভিংয়ের কাজ করেন। বাদল ১৮ বছর যাবৎ সৌদি আরবে থাকেন। তিনি ছুটি নিয়ে বাড়িতে এসে দেড় মাস আগে আবার সৌদি আরবে যান।

তিনি জানান, বুধবার বাদল বিকাল ৩টার সময় তার স্ত্রী সোমার সঙ্গে মোবাইলে কথা হয়। স্ত্রীর সঙ্গে কথা বলার পর ইস্ত্রি করা কাপড় লন্ড্রী থেকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাদল ২ কন্যা সন্তানের জনক। বড় মেয়ে বৃষ্টি আক্তার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে দেড় বছর বয়সের।

তিনি বলেন, বাদলের মৃত্যের সংবাদ শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার বৃদ্ধা মা, বাদলের স্ত্রী সোমা, বড় মেয়ে বৃষ্টি ও আমরা পরিবারের লোকজন তার মুখটি শেষবারের মতো দেখতে চাই।