
কিশোরগঞ্জ জেলার তাড়াইলে স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে এক লম্পট যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।
উপজেলার বানদুলদিয়া শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ছুরিকাহত হিরু মিয়া কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দিকে এ ঘটনায় মামলা দায়েরের পর আত্মগোপন করেছে লম্পট যুবক রাজন মিয়া।
পরিবার, এলাকাবাসী এবং তাড়াইল থানা সুত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কয়রা হাটি গ্রামের বকুল মিয়ার লম্পট ছেলে রাজন মিয়া(২২) নিকটবর্তী তাড়াইল উপজেলার এ স্কুলের ছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিলো।
এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগে গ্রাম্য সালিশের মুখোমুখি হয়ে সামাজিকভাবে শাস্তি ভোগ করে লম্পট যুবক রাজন। কিন্তু কিছুতেই ছাত্রী উত্যক্তের ঘটনা থেকে তাকে নিবৃত করা যাচ্ছিলোনা।
গত ২৪ ফেব্রুয়ারি তাড়াইল উপজেলার বানদুলদিয়া শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে লম্পট যুবক রাজন। এ সময় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় উপজেলার কয়রাহাটি গ্রামের মতি মিয়ার ছেলে এবং স্কুলটির এসএসসি পরীক্ষার্থী হিরু মিয়া।
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনার জেরে লম্পট যুবক রাজন তার সহযোগিদের নিয়ে হিরু মিয়ার ওপর হামলা চালায়। এ সময় পৃষ্ঠদেশে উপর্যুপরি ছুরিকাঘাতে হিরু মিয়া গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্হায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করার ঘটনা নিশ্চিত করেছেন, তাড়াইল থানার ওসি মজিবুর রহমান। এ সময় আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।









