
ভারতে লোভনীয় কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন কিশোরগঞ্জের দুই সহোদর। এছাড়াও বাংলাদেশের আরও ১৭জন যুবক ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেন।
ভারতের কারাগারে দীর্ঘদিন কারভোগের পর ফেরত আসা এসব যুবকরা হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের শাহজাহান খানের দুই ছেলে সজিব হোসেন ও দোলন হোসেন।
এছাড়া দেশে ফেরা অন্য যুবকরা হলেন শেরপুর জেলার রিয়াজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, জয়নাল আবেদিনের ছেলে বিজয় মিয়া, হাসেম আলীর ছেলে মুক্তার মিয়া, চাঁন মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম, চানমিয়ার ছেলে সুমন মিয়া, শাহিন মিয়ার ছেলে আবুল কালাম, জলিলের ছেলে আশিক মিয়া, আফিল উদ্দিনের ছেলে ছমির মিয়া, রেজা উদ্দিনের ছেলে লালমিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক, লালমনিরহাট জেলার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, গাজীপুর জেলার মেরাজ আলীর ছেলে কবির হোসেন, শাহেদ আলীর ছেলে হাবিবুর রহমান, সৈয়দপুর জেলার শারাফাত হোসেনের ছেলে খালিদ বিন খোকন, মাদারীপুর জেলার খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর জেলার জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম নরসিংদী জেলার বিল্লাল হোসেনের ছেলে নজরুল ইসলাম।
এদের সকলের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেনাপোল ইমিগ্রেশন সুত্র জানায়, এরা লোভনীয় ও ভালো কাজের জন্য বিভিন্ন সীমান্ত পথ দিয়ে গত ২ বছর আগে ভারতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তামিলনাড়ু প্রদেশের ক্রিকুট শহরের আন্থনী গার্মেন্টসে চাকরিও নেন তারা। কিন্তু বিধিবাম হওয়ায় ওই গার্মেন্টস থেকে পুলিশের কাছে ধরা পড়ে শ্রীঘরে যান তারা।
পুলিশ তাদের আদালতের মাধ্যেমে চেন্নাই সেন্ট্রাল কারাগারে অন্তরীণ রাখে। পরে দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পর্যায়ের চিঠি চালাচালির মাধ্যমে এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসার সুযোগ পান।
ফেরত আসা যুবকদের মধ্যে আশিক মিয়া জানান, সংসারের অভাব অনটন দূর করতে লোভনীয় চাকরির আশায় দু'বছর আগে দালালের মাধ্যমে তিনিসহ ক'জন বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমিয়েছিলেন। তারপর তামিলনাড়ু ক্রিকুট শহরে আন্থনী নামে একটি গার্মেন্টসে চাকরি নেন। সেখান থেকে পুলিশ অন্যান্যদের সঙ্গে তাদের আটক করে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠায়।
বেনাপোল ইমিগ্রেশন'র ওসি মহসিন খান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. শরীফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেরত আসা যুবকদের থানায় কিছু আনুষ্ঠানিকতার কাজ রয়েছে। এসব কাজ শেষে তাদের আত্মীয়-স্বজনদের কাছে তুলে দেয়া হবে।









