
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ টি দৌঁড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় লোকজন। ঘোড় দৌঁড় প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছিল বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষের।
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়া পাড়ার বিস্তীর্ণ ফসলের মাঠে শত বছরের এ ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড়া দৌঁড়ের মাঠ ও আশপাশের এলাকাকে।
এ প্রতিযোগিতা দেখতে কিশোরগঞ্জ জেলা সদরসহ আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়।
এ প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ৩০টি দৌড়ের ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরষ্কার হিসেবে রেফ্রিজারেটর, রঙিন টেলিভিশন ও বাইসাইকেল তুলে দেয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
আয়োজক কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য মো. হাদিউল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, মুক্তিযোদ্ধা মুহম্মদ আলী, রফিকুল ইসলাম আজাদী প্রমুখ।









