
আলজামিয়াতুল ইমদাদিয়া মহাপরিচালক এবং ঐতিহাসিক শহীদী মসজিদের মোতাওয়াল্লী, খতিব ও পেশ ইমামের পদে পরিবর্তন আনা হয়েছে। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র মৃত্যুর পর মজলিসে শুরার বৈঠকে এ পরিবর্তন আনা হয়।
এ বৈঠকে কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) ও ঐতিহাসিক শহীদী মসজিদের মোতাওয়াল্লী পদে দায়িত্ব পেয়েছেন মরহুম আযহার আলী আনোয়ার শাহ'র ছোট ভাই মাওলানা শাব্বীর আহমদ রাশিদ।
এ ছাড়া কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব'র দায়িlত্ব পেয়েছেন কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁহ মাঠের ছানি ইমাম মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।
এছাড়া শহীদী মসজিদের পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র ছোট ছেলে মাওলানা আনজার শাহ তানিম।
সোমবার আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মজলিসে শুরার এই বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আহমদ হোসেন।
এ বৈঠকে উপস্থিত ছিলেন, মজলিসে শুরার সদস্য ঢাকা ১নং সিদ্দিক বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী উবায়দুল্লাহ, ফরিদাবাদ জামিয়া আরাবিয়া'র মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ আমলীতলা মধ্যবাড়েয়া দারুল উলূম নিজামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আমিনুল হক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস ফয়সাল আহমদ, সিলেট বালাগঞ্জ গওহরপুর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ঢাকা বসুন্ধরা ফকীহুল মিল্লাত সরণী মারকাজুল ফিকরীল ইসলামী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী আরশাদ রাহমানী, বি-বাড়িয়া কান্দিরপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারকুল্লাহ, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, শুরা সদস্য অ্যাডভোকেট মো. ফজলুল কবীর,দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক কাজী শাহীন খান ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী প্রমুখ।
এরমধ্যে আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর মহাপরিচালক(মুহতামিম) এবং ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব হিসেবে ১৯৭৭ সাল থেকে দীর্ঘ ৪৩ বছর একটানা দায়িত্ব পালন করে গেছেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।
গত ২৯ জানুয়ারি এই বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।









