
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশী বাঁধায় মাওলানা জুবায়ের পন্থীদের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। মাওলানা সাদ পন্থীদের আয়োজিত জেলা ইজতেমা প্রতিহত করার লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিলা পাকুন্দিয়া ইমাম-উলামা পরিষদ ও মাওলানা জুবায়ের পন্থী তাবলীগ জামাত।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলা পরিষদের সামেন পাকুন্দিয়া–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালনের কথা ছিল তাদের।
তাবলিক জামায়াতের এ দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
সকাল ১০ টায় তাবলীগ জামায়াতের জুবায়ের পন্হী পাঁচ শতাধিক সমর্থক ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে আগে মোতায়েনকৃত পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তাদের স্থান ত্যাগে বাধ্য করে।
মানববন্ধন কর্মসূচি পালন না করতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদাণ করেন পাকুন্দিয়া ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ জেলা ইমাম-উলামা পরিষদ ও জুবায়ের পন্থী তাবলীগ জামায়াতের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী মাওলানা সাদ অনুসারীদের অনুষ্ঠেয় জেলা ইজতেমা বন্ধের দাবিতে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার এ মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছিল পাকুন্দিয়া ইমাম-উলামা পরিষদ ও মাওলানা জুবায়ের পন্থী তাবলীগ জামাতের নেতৃবৃন্দ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসেছিলেন। কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেইনি।
তারা এ পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদাণ করেছেন বলেও জানান তিনি।









