
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত আঞ্চলিক ভলিবল ফাইনালে কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ দল টাঙ্গাইলের কুমুুদনী সরকারি কলেজ দলকে সরাসারি দুই সেটে পরাজিত করে কিশোারগঞ্জ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে নরসিংদীর শহীদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ দল পৌর মহিলা কলেজ দলকে ওয়াকওভার দিলে দুপুরে ফাইনাল খেলায় পৌর মহিলা কলেজ দল কুমুদিনী কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী। এসময় গুরুদয়াল কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, উপাধ্যক্ষ মো. আল আমিন, শরীরচর্চা শিক্ষক সালমা হক, শিক্ষক জালাল আহমেদ, কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।









