
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার তাড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁঞা।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে তাড়াইল উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৩০ খেলোয়াড় অংশ নেয়। মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের কোচের দায়িত্ব পালন করবেন তাড়াইলের সাবেক ফুটবলার মিজানুর রহমান।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ তাড়াইলের সাবেক খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।









