কটিয়াদীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

সাতকাহন স্পোর্টস ডেস্ক
কটিয়াদীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার কটিয়াদী উপজেলার চাতল বাঘহাটা স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে কটিয়াদী উপজেলার ৪ টি স্কুলের ৩০ জন বালক প্রশিক্ষণ নিচ্ছে। মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের কোচের দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মো. আশরাফ উদ্দিন স্বপন।

চাতল বাঘহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা। এ সময় কটিয়াদী উপজেলার সাবেক খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।